জেলা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পিএম
রান্নায় ব্যস্ত মায়ের অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে আরিফা সুলতানা নামে ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৫ অক্টোবর) দুপুরে ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ টেটেশ্বর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরিফা সুলতানা ওই গ্রামের মুহাম্মদ পলাশের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আরিফার মা পরিবারের জন্য রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় আরিফা বাড়ির পাশে খেলছিল। কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের পুকুরে শিশুটিকে দেখতে পান স্বজনেরা। দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসান ভূঁইয়া শিশুটিকে মৃত ঘোষণা করেন।
আরিফার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সোমবার আসর নামাজের পর দক্ষিণ টেটেশ্বর তালিমুল কোরআন মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
প্রতিনিধি/এআর