Dhaka Mail Logo

সারাদেশ

অবৈধ সম্পদ অর্জন: ওয়াসার সাবেক চালক ও তার স্ত্রীর কারাদণ্ড

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পিএম

আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক মো. তাজুল ইসলাম ও তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

একই সাথে তাজুলকে ১৫ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস এবং তার স্ত্রী খাইরুন্নেছা বেগমকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন।

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের পিপি মোকাররম হোসেন।  তিনি জানান, এই দম্পতির বিরুদ্ধে ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিন বছরের কারাদণ্ড দিয়েছে। একইসাথে আসামি তাজুলকে ১৫ লাখ ৬৯ হাজার ১৯৩ টাকার অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস সশ্রম কারাদণ্ড এবং তার স্ত্রীকে তিন বছর দণ্ড ও এক লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়। 

মামলার নথিসূত্রে জানা গেছে, তাজুল ইসলাম চট্টগ্রাম ওয়াসার সাবেক গাড়িচালক ছিলেন। কিন্তু তিনি ওয়াসায় অবৈধভাবে বিপুল টাকা উপার্জন করেন এবং তার স্ত্রীর যোগসাজশে জ্ঞাত আয়বহির্ভূত অর্থ উপার্জন করেন। অবৈধ অর্থ দিয়ে স্ত্রী খাইরুন্নেছা বেগমের নামে জমি ক্রয় ও ভবন নির্মাণে বিনিয়োগ করেন।

এমনকি স্বামীর অবৈধভাবে উপার্জিত অর্থকে বৈধতা দেওয়ার উদ্দেশে খাইরুন্নেছা নিজের নামে আয়কর নথি খোলেন এবং সেখানে অর্জিত সম্পদ ও আয়ের উৎস প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়।

মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দিলে ২০২৫ সালের ১ জুলাই বিভাগীয় বিশেষ জজ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়।

প্রতিনিধি/এলএ