জেলা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পিএম
সিরাজগঞ্জের শাহজাদপুরে পিতার লাঠির আঘাতে মায়ের কোলে থাকা নয় মাস বয়সী হালিমা খাতুন নামের এক শিশুর নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার গালা ইউনিয়নের চর দুগালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আলিম প্রামাণিক ওই গ্রামের মোকসেদ প্রামাণিকের ছেলে।
শিশুটির মা ফজিলা খাতুনের অভিযোগ, পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তার স্বামী আলিম তাকে প্রায়ই নির্যাতন করতেন। সোমবার সকালে তাকে লাঠি দিয়ে মারধর করার সময় মায়ের কোলে থাকা শিশু হালিমার শরীরে লাঠির আঘাত লাগে। এতে শিশুটি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পিতা আব্দুল আলিমকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
প্রতিনিধি/এফএ