জেলা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম
ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে লালু দাস (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তার ছেলে পাপ্পু দাস (২৮) বাদী হয়ে বাবার বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন। অভিযোগের পর থেকে লালু দাস পলাতক রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) ভূল্লী থানায় এজাহারটি দায়ের করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, লালু দাস বর্তমানে ভূল্লী উপজেলার শবদল এলাকায় বসবাস করেন। গত ৪ অক্টোবর সকালে পাপ্পু দাস ও তার মা ময়না দাস ঝাড়ু দেওয়ার কাজে বালিয়া বাজারে যান। এ সময় বাড়িতে পাপ্পুর স্ত্রী লিমা (২৫) ও তার শ্বশুর লালু দাস ছিলেন।
অভিযোগে বলা হয়, সকাল ৮টার দিকে লিমা হাত-পা ধুতে বাড়ির পশ্চিম পাশে টিউবওয়েলের কাছে গেলে লালু দাস তার পিছু নেন। সেখানে গিয়ে তিনি পেছন থেকে লিমাকে জাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ সময় লিমা চিৎকার করার চেষ্টা করলে লালু দাস তার মুখ চেপে ধরেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। একপর্যায়ে লিমা তার হাতে কামড় দিলে তিনি তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যান।
পরে পাপ্পু দাস ও তার মা বাড়িতে ফিরলে লিমা তাদের কাছে বিষয়টি জানান। এরপর স্বজনদের সঙ্গে আলোচনা করে পাপ্পু দাস ভূল্লী থানায় গিয়ে বাবার বিরুদ্ধে এজাহার দায়ের করেন।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্তকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
প্রতিনিধি/এসএস