Dhaka Mail Logo

সারাদেশ

ঝালকাঠিতে এক দিনে ডেঙ্গু আক্রান্ত ১৭ জন

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পিএম

ঝালকাঠিতে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৪০ জন। এর মধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ২৯৮ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার চারটি সরকারি হাসপাতালে ৪২ জন রোগী চিকিৎসাধীন।

সোমবার (৫ অক্টোবর) ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত দৈনিক ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ অক্টোবর পর্যন্ত জেলার চারটি সরকারি হাসপাতালে মোট ২ হাজার ৩৪০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

জেলার হাসপাতালগুলোর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঝালকাঠি সদর হাসপাতালে। সেখানে এ পর্যন্ত ১ হাজার ৬২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১ হাজার ৬১৫ জন চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে সেখানে ১৩ জন রোগী চিকিৎসাধীন।

রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ৩৯০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৭৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে সেখানে ১৩ জন চিকিৎসাধীন।

কাঁঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ পর্যন্ত ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৫৮ জন ছাড়পত্র পেয়েছেন এবং বর্তমানে পাঁচজন চিকিৎসাধীন।

নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১৫৯ জন। তাদের মধ্যে ১৪৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে ১১ জন চিকিৎসাধীন।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলার চারটি হাসপাতালে নতুন করে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে ১৩ জন রোগী চিকিৎসা নিয়ে ছাড়পত্র পেয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গুতে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৪২ জন রোগীর মধ্যে ঝালকাঠি সদর হাসপাতালে ১৩ জন, রাজাপুরে ১৩ জন, নলছিটিতে ১১ জন এবং কাঁঠালিয়ায় পাঁচজন রয়েছেন।

সিভিল সার্জন মো. হুমায়ুন কবির বলেন, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে পানি জমতে দেওয়া যাবে না এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংস করতে হবে। জ্বর বা ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য তিনি পরামর্শ দেন।

প্রতিনিধি/এলএ