Dhaka Mail Logo

সারাদেশ

নওগাঁয় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

নওগাঁয় মাদক মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় একজন আসামি আদালতে উপস্থিত ছিলেন, অপরজন পলাতক।

সোমবার (৫ অক্টোবর) দুপুরে নওগাঁ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত ও স্পেশাল ট্রাইব্যুনাল-৪-এর বিচারক সুকান্ত শাহা এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁর নিয়ামতপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের হাতেম আলীর ছেলে মো. হারুন (৪২) এবং সন্তোষপাড়া গ্রামের নাজিরের ছেলে টুয়েল (৪৫)। টুয়েল পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দুই ব্যক্তি মাদক নিয়ে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় আসছেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে আরোহীরা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ তাদের আটক করে।

পুলিশের দাবি, উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে টুয়েলের কাছ থেকে ৬০ গ্রাম এবং হারুনের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। ওই সময় উদ্ধার করা মাদকের আনুমানিক বাজারমূল্য ছিল ১ লাখ ৫০ হাজার টাকা। তাদের ব্যবহৃত লাল রঙের ১৫০ সিসির পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০-এর ১৯ ধারায় মামলা করা হয়। পরে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। মামলায় তিনজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শওকত ইলিয়াস কবির বলেন, মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী এস এম জুবায়ের বলেন, আসামি ঘটনার সঙ্গে সরাসরি জড়িত—এমন তথ্য-প্রমাণ না পাওয়া সত্ত্বেও রায় দেওয়া হয়েছে। এ রায়ে তারা সংক্ষুব্ধ।

প্রতিনিধি/এসএস