Dhaka Mail Logo

সারাদেশ

ছাত্রদলের অপকর্মের কারণে বিএনপির পতন হবে: শিবির সভাপতি

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পিএম

ছাত্রলীগের কারণে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, ছাত্রদলের অপকর্মের কারণে বিএনপিরও পতন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

সোমবার (৫ অক্টোবর) সকালে রাজশাহীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

এর আগে রোববার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ ওঠে। এতে ১০ জন আহত হন। তাদের কয়েকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকালে আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে যান শিবির সভাপতি।

পরে সকাল ৭টার দিকে নগরের সিএন্ডবি মোড় এলাকার একটি মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার প্রকাশিত প্রথম শহীদ স্মারক ‘রক্তিম প্রভাত’-এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী মহানগর সভাপতি ইমরান নাজির। সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি ডা. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

আরও পড়ুন

ভয়ভীতি দেখিয়ে পাটওয়ারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না: নাহিদ

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ছাত্রদলের কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, “ছাত্রদল যে কাজগুলো করা দরকার না, সে কাজগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে আছে। আমরা তো বিভিন্ন জায়গায় দেখছি, মুরগির বিষ্ঠা চুরি করা, লুটপাট করা, চাঁদাবাজি, টেন্ডারবাজিসহ নানা অপকর্মের সঙ্গে এ ছাত্র সংগঠন জড়িয়ে গেছে।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার বিষয়ে সাদ্দাম বলেন, “কী কারণে গতকাল তারা হামলা করেছে, তা আমাদের বোধগম্য নয়। সাংবাদিকেরা সেখানে তথ্য সংগ্রহ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন। একেবারে ফিল্মি স্টাইলে যেভাবে হামলা করা হলো, এ বিষয়টিকেও তারা দায় চাপানোর রাজনীতি করল। রাতে দেখলাম, দায়টা শিবিরের ওপর চাপিয়ে দেওয়া হলো। প্রকাশ্যে দেখা গেল, যারা হামলা করল, সবাই ছাত্রদলের কর্মী। আর যারা সংবাদ সংগ্রহ করতে গেছে, তাদের ওপর হামলা করা হয়েছে। আমরা এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ছাত্রলীগও করত। তার ভাষ্য, ছাত্রদল ক্ষমতায় যাওয়ার পরপরই একই ধরনের আচরণ শুরু করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় সাংবাদিকদের হেনস্তা ও হামলার ঘটনাও ঘটেছে বলে তিনি দাবি করেন।

ছাত্রদলের কর্মকাণ্ডের সমালোচনা করে শিবির সভাপতি বলেন, “ছাত্রদলই বিএনপিকে ডুবাচ্ছে, ডোবাবে। একটা পর্যায়ে ছাত্রলীগের কারণে যেভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, বিএনপিরও ঠিক একই স্টাইলে ছাত্রদলের অপকর্মের কারণে তাদের পতন হবে।”

989123d6-6060-4403-903c-7a3c380921a6

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগর সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, রাজশাহী জেলার সেক্রেটারি মো. গোলাম মুর্তজা, রাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মাহমুদুল হাসান, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মো. মুজাহিদ ফয়সাল।

এ ছাড়া অনুষ্ঠানে ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সাবেক সভাপতিদের পাশাপাশি জুলাই আন্দোলনে রাজশাহীতে নিহত আলী রায়হানের বাবা মো. মুসলেম উদ্দীন, আওয়ামী লীগ সরকারের সময় নিহত শহিদুল ইসলামের বড় ভাই ও রাজশাহী মহানগর শিবিরের সাবেক সভাপতি জসিম উদ্দিন সরকার এবং নিহত জাহাঙ্গীর হোসেনের বড় ভাই বাবর আলী লিটনসহ শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, শহীদদের আত্মত্যাগ জাতির জন্য অমূল্য আমানত। তাদের ত্যাগ, সাহস ও আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়া সবার দায়িত্ব। ‘রক্তিম প্রভাত’ সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ প্রয়াস। তিনি রাজশাহী মহানগর শাখাকে স্মারকটি প্রকাশের জন্য ধন্যবাদ জানান এবং শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ করেন।

সাদ্দাম আরও বলেন, শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করতে হলে ন্যায়, ইনসাফ, আদর্শ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম এগিয়ে নিতে হবে। তাদের আত্মত্যাগ নতুন প্রজন্মের চরিত্র, কর্ম ও দায়িত্ববোধে প্রতিফলিত হওয়া উচিত।

প্রতিনিধি/এসএস