Dhaka Mail Logo

সারাদেশ

ছিনতাইকারী ধরতে গিয়ে বাসের ধাক্কায় আহত পুলিশ সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৫ অক্টোবর ২০২৬, ০২:০০ পিএম

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন।

সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আল আমিন নগরীর কোতোয়ালী থানায় কর্মরত ছিলেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৬টার দিকে আল আমিনের মৃত্যু হয়। তার মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ওসি আরও বলেন, দায়িত্ব পালনকালে আল আমিনের মৃত্যু হওয়ায় আইন অনুযায়ী তার পরিবার আর্থিক ক্ষতিপূরণ পাবে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোর ৬টার দিকে নগরীর ওয়াসা মোড়ে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আল আমিন। এ সময় তিন যুবককে দাঁড়ানোর নির্দেশ দিলে তাদের মধ্যে একজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। ছিনতাইকারী সন্দেহে তাকে ধরতে পিছু নেন আল আমিন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে তার ধাক্কা লাগে।

গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা আইসিইউতে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে পুলিশ। বাসটির চালক মোশাররফ ও সহকারী জয় দাসকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস