জেলা প্রতিনিধি
০৫ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম
যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে ঝালকাঠি জেলা যুবদলের সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত রমজানুল মোরশেদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে রমজানুল মোরশেদের বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মাদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
তবে অভিযোগের বিষয়ে রমজানুল মোরশেদ বলেন, জেলা যুবদলের আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশেই একজন সদস্যকে শোকজ করা হয়েছিল। কেন্দ্রীয় কমিটির অনুমতি ছাড়া এ ধরনের সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, আহ্বায়ক ও সদস্যসচিবের নির্দেশেই ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। অথচ কেন্দ্র থেকে আমাকে কোনো শোকজ না করেই পদ স্থগিত করা হয়েছে।
জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার বলেন, আসলে কী কারণে রমজানুল মোরশেদের পদ স্থগিত করা হয়েছে, তা আমার জানা নেই। বিষয়টি নিয়ে আমি কেন্দ্রের সঙ্গে কথা বলব। কেন্দ্রের সিদ্ধান্তের কারণ জানার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।
প্রতিনিধি/টিবি