জেলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পিএম
কমিটি গঠনের মাত্র আট দিনের মাথায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক মো. শাহিদ আলম পদত্যাগ করেছেন।
রোববার (৪ অক্টোবর) গোপালগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র দিয়ে তিনি দলটির জেলা ও উপজেলা পর্যায়ের সব পদ থেকে অব্যাহতি চান। পদত্যাগের কারণ হিসেবে শারীরিক ও পারিবারিক সমস্যার কথা উল্লেখ করেছেন শাহিদ আলম। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত না করার কথাও জানিয়েছেন তিনি।
পদত্যাগপত্রে শাহিদ আলম উল্লেখ করেন, তিনি এনসিপির গোপালগঞ্জ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং টুঙ্গিপাড়া উপজেলা শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে দলীয় সব পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন
এর আগে ২৬ সেপ্টেম্বর রাতে গোপালগঞ্জ জেলা এনসিপির অনুমোদনে টুঙ্গিপাড়া উপজেলা শাখার ১১ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। এতে মো. শাহিদ আলমকে আহ্বায়ক এবং সোহেল সরদারকে সদস্য সচিব করা হয়।
নবগঠিত কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়। পাশাপাশি ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেওয়া হয়েছিল।
কমিটি ঘোষণার আট দিনের মাথায় আহ্বায়কের পদত্যাগে টুঙ্গিপাড়া উপজেলা এনসিপির সাংগঠনিক কার্যক্রম নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। শাহিদ আলমের পদত্যাগের পর উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে এবং শূন্য পদে কাকে দায়িত্ব দেওয়া হবে- তা নিয়েও আলোচনা চলছে।
প্রতিনিধি/এলএ