জেলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম
গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘আগামীর সময়’ পত্রিকার উপজেলা প্রতিনিধি শেখ মামুনুর রশিদকে মারধর ও গলাচেপে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা ৪০ হাজার টাকা ও প্রায় ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণের আংটি নিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনের বিরুদ্ধে থানায় এজাহার দিয়েছেন তিনি।
অভিযুক্তরা হলেন- বামনডাঙ্গা ইউনিয়নের রাকিব মিয়া, সরফরাজ মিয়া, মনির মিয়া ও তুহিন মিয়া।
রোববার (৪ অক্টোবর) সন্ধ্যায় এজাহারের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, তুহিন মিয়ার স্ত্রী নাইমা জান্নাত নিখোঁজ হওয়ার ঘটনায় মামুনুর রশিদের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ ওঠে। পরে ওই নারী রংপুরে এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। এ নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সম্মানহানির মামলা করার কথা জানিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন মামুনুর রশিদ। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার সন্ধ্যায় চন্দনের চায়ের দোকান থেকে তাকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।
এ সময় রাকিব তার পকেট থেকে ৪০ হাজার টাকা এবং সরফরাজ তার হাতের স্বর্ণের আংটি নিয়ে নেন বলে অভিযোগ করেন মামুনুর রশিদ। পরে রাকিব তার গলা চেপে ধরেন বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ হাসপাতালে চিকিৎসা করান।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, শনিবার রাতে এ ঘটনায় একটি এজাহার পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ