জেলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পিএম
চট্টগ্রাম নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও ওভারফ্লো কনটেইনার ইয়ার্ড পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য বিদেশি প্রতিষ্ঠানের সাথে ১৫ বছরের চুক্তি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।
এসময় বক্তারা আগামীকাল (সোমবার) বন্দরের মূল ফটকে সারাদিন অবস্থান কর্মসূচির কথাও ঘোষণা করেন।
রোববার (৪ অক্টোবর) চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে স্কপের এ মানববন্ধনটি হয়। এতে বিদেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তিটি বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে জাতীয়তাবাদী ডক শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম বলেন, আমরা ইতিমধ্যে বিগত দুই বছর যাবত অনেক আন্দোলন সংগ্রাম করেছি। আমাদের কথা আমরা বারবার তুলে ধরেছি। আমরা জানি না সরকারের কাছে আমাদের কথা পৌঁছেছে কিনা।
তিনি বলেন, আজ আমাদের পঙ্গু করে বিদেশিদের হাতে তুলে দিচ্ছেন। ১৫ বছর পর আমাদের দক্ষ জনশক্তি থাকবে না। তখন আমাদের বন্দর আমাদের চালাতে দিলে সেই দিন আমরা বন্দর চালাতে পারব না।
বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সভাপতি এসকে খোদা তোতন বলেন, এনসিটিতে লোকবলের বিষয় নয়, বিদেশিদের দেওয়ার বিষয় নয়। আমাদের ইক্যুইপমেন্ট আছে, দক্ষ জনশক্তি আছে। আমরা সক্ষম। কেন আমাদের এটা বিদেশিদের হাতে দিতে হবে? বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে নীলনকশা এই চট্টগ্রাম থেকে আমরা তা প্রতিহত করে এটা থেকে সরকারকে পিছু হটতে বাধ্য করব ইনশাআল্লাহ।
বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু বলেন, আগামীকাল (সোমবার) সকাল ১১টায় আমরা বন্দরের প্রধান ফটকে দাঁড়াব এবং দিনব্যাপী আমাদের অবস্থান কর্মসূচি চলবে।
এসময় স্কপ ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/এলএ