জেলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পিএম
মেহেরপুরে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে শুল্ক-কর ফাঁকি দিয়ে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ওষুধসহ দুই চোরাকারবারিকে আটক করেছে এসআরবি-১২-এর সিপিসি-৩। এ সময় ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫৫ মিনিটে মেহেরপুর সদর থানার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কোর্টপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মন্টু ইসলামের ছেলে কাবিদুল ওরফে আকাশ (২৪) এবং আমঝুপি ইউনিয়নের খোকসা গ্রামের মৃত সরমান আলীর ছেলে ফুলসুরাত ওরফে সুরাত (৪৮)।
সিপিসি-৩, মেহেরপুর, এসআরবি-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-৩ এর একটি দল কোর্টপাড়া এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় ভারত থেকে সরকার নির্ধারিত শুল্ক ও কর ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন ধরনের ওষুধ উদ্ধার করা হয়।
উদ্ধার করা ওষুধের মধ্যে রয়েছে—Luliconazole Cream IP (Lulitec 30g) ৩৮০টি, Pyrazinamide Tablets I.P. (Pyzina 500) ৬৫ পাতা, Polymyxin B for Injection IP ৮টি, Sterile Water for Injections IP (5ml) ১১টি, Triclofos Oral Solution IP (Pedicloryl) ১৫টি এবং Sulbactam & Cefoperazone for Injection (Zostum 2g) ৪০টি।
অভিযান পরিচালনাকারীরা জানান, উদ্ধার করা ওষুধের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা। এ ছাড়া ওষুধ পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর মেহেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার হান্নান হাওলাদার।
প্রতিনিধি/এসএস