জেলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পিএম
সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দুদিন পর মো. শাহাদত হোসেন (৩৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৪ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি খেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
শাহাদত হোসেন সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের চিলগাছা গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে। তিনি খোকশাবাড়ী গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তার মুঠোফোনও বন্ধ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে শনিবার (৩ অক্টোবর) পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
রোববার বিকেলে ছোনগাছা কারিগরি ইনস্টিটিউটের পাশে বলিদহ এলাকার একটি ফাঁকা মাঠের খেতে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহাদতকে শ্বাসরোধে হত্যার পর তার অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে।
প্রতিনিধি/এসএস