Dhaka Mail Logo

সারাদেশ

ঘোড়াশাল ইউরিয়া ফার্টিলাইজারে উদ্ধার লাশের পরিচয় মিলেছে

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পিএম

নরসিংদীর ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসির ভেতর থেকে উদ্ধার লাশের পরিচয় মিলেছে। 

ওই ব্যক্তির নাম শাহজাহান তালুকদার (৭৫)। নিহত শাহজাহান ঘোড়াশাল পৌরসভার ভাগ্যেরপাড়া এলাকার আহম্মদ তালুকদারের ছেলে।

নিহতের ছেলে আল আমিন তালুকদার তার বাবার পরিচয় শনাক্ত করেন। 

রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার পিএলসির ভেতরে একটি পরিত্যক্ত স্থান থেকে শাহজাহানের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহজাহান ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন। লাশ উদ্ধারের সময় তার আঙুল ও পুরুষাঙ্গ কাটা ছিল এবং শরীরের বিভিন্ন অংশ পচে গিয়েছিল। পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগে তাকে হত্যা করে মরদেহটি গুম করার উদ্দেশে নির্জন স্থানে ফেলে রাখা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে কারখানা এলাকার মন্দিরের পাশে কাজ করার সময় কয়েকজন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা কারখানা কর্তৃপক্ষকে বিষয়টি জানান। কারখানা কর্তৃপক্ষ পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন শাহজাহান। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে শুক্রবার তার ছেলে আল আমিন তালুকদার পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে বাবার মানসিক সমস্যার কথা উল্লেখ করা হয়।

আল আমিন তালুকদার বলেন, দুই বছর আগে বাবার মাথায় টিউমার হয়েছিল। তখন মানসিক সমস্যা দেখা দিলে চিকিৎসা করানোর পর তিনি সুস্থ ছিলেন। গত এক মাস ধরে আবার সমস্যা দেখা দেয়। তিনি কাউকেই চিনতে পারতেন না। গত বৃহস্পতিবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যান। পরে তাকে না পেয়ে থানায় জিডি করি।

তিনি আরও বলেন, দুপুরে লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ পড়ে থাকতে দেখি। খুবই নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে। আমাদের কোনো শত্রু নেই। কে বা কারা তাকে হত্যা করেছে, বুঝতে পারছি না। আমি বাবা হত্যার বিচার চাই।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহতের দুই হাত, পায়ের আঙুল ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাকে হত্যা করে মরদেহ গুম করার জন্য নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/এলএ