Dhaka Mail Logo

সারাদেশ

নাজিরপুরে অর্থ আত্মসাতের অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ পিএম

পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৭০ নম্বর উত্তর চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ, সরকারি অর্থ ও বিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম এবং বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

গত ২৮ সেপ্টেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অফিস আদেশে বলা হয়, রেশমা আক্তারের বিরুদ্ধে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে অসদাচরণ, সরকারি অর্থ ও বিদ্যালয়ের সম্পদ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সরকারি নির্দেশনা উপেক্ষা করে বিধিবহির্ভূতভাবে পরীক্ষার ফি আদায়ের অভিযোগ রয়েছে। এছাড়া ২০২৫-২৬ অর্থবছরে বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামত ও সংস্কারকাজের জন্য বরাদ্দ করা অর্থ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাতের অভিযোগও তদন্তে প্রমাণিত হয়েছে।

এর আগে গত ১৩ জানুয়ারি উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি তদন্ত করেন। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। পরে গত ১৫ সেপ্টেম্বর নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিধিমোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেন।

অফিস আদেশে আরও বলা হয়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ধারা অনুযায়ী দায়িত্ব ও কর্তব্যে অবহেলা, অসদাচরণ এবং শাস্তিযোগ্য অপরাধের কারণে একই বিধিমালার ১২(২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

নাজিরপুর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামিম হাসান বলেন, ১৭০ নম্বর উত্তর চালিতাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেশমা আক্তারের সাময়িক বরখাস্তের আদেশসংক্রান্ত চিঠি পাওয়া গেছে। আদেশের অনুলিপি সংশ্লিষ্ট বিদ্যালয়ে পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এসএস