জেলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ০৫:১৫ পিএম
ফেনীতে বাজার তদারকি অভিযানে অতিরিক্ত দামে ফল বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ক্রয় ভাউচার দেখাতে না পারায় তিনটি ফল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
রোববার (৪ অক্টোবর) দুপুরে ফেনী শহরের ট্রাংক রোড, মহিপাল কাঁচাবাজার ও মহিপাল ফলের আড়তে এ অভিযান পরিচালনা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে অভিযানে সাহাব উদ্দিন ফল বিতান, আবুল খায়ের ফল বিতান ও আল মদিনা ফ্রুডস এজেন্সিকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানগুলোতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। এ ছাড়া অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয় ভাউচার দেখাতে না পারার অভিযোগ পাওয়া যায়।
অভিযান শেষে ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে জেলা ব্যাটালিয়ন আনসারের একটি দল সার্বিক সহযোগিতা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ফেনী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিনিধি/এসএস