Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় মোটরসাইকেলে মিলল ৮৩২ পিস ইয়াবা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পিএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৮৩২ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহীকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ থানার পূর্ব হাতিয়া গ্রামের মমতাজ আলীর ছেলে সুজা মিয়া (৩২) এবং কুড়িগ্রামের রৌমারী থানার নওদাপাড়া গ্রামের জবেদ আলীর ছেলে নুরুজ্জমান মিয়া (৪২)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শনিবার (৩ অক্টোবর) রাত ৮টা ৪৫ মিনিটে সুন্দরগঞ্জ উপজেলার বালারছিড়া মোড় এলাকায় চেকপোস্ট বসায় এসআরবি-১৩-এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি দল। এ সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি করা হয়। তাদের কাছ থেকে ৮৩২ পিস ইয়াবা, নগদ ৮ হাজার ৯০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

এসআরবি-১৩ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, এ ঘটনায় এসআরবি বাদী হয়ে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে। জব্দ করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস