Dhaka Mail Logo

সারাদেশ

রাঙামাটিতে দায়িত্ব পালনকালে আনসার সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পিএম

রাঙামাটির বাঘাইছড়িতে দায়িত্ব পালনকালে মো. সৈয়দ আমিনুল হক (৫৩) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্যের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসক।

শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বাঘাইছড়ি পৌরসভার মডেল টাউন এলাকার সিআইও ক্যাম্পে দায়িত্ব পালনকালে এ ঘটনা ঘটে। সৈয়দ আমিনুল হক মারিশ্যা ৩৭ আনসার ব্যাটালিয়নের ল্যান্স-নায়েক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায়।

মারিশ্যা ৩৭ আনসার ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে সহকর্মীরা তাকে ডাকতে গিয়ে দেখতে পান, তিনি শ্বাস নিচ্ছেন না। পরে তাকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন বলেন, রাত ৩টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

৩৭ আনসার ব্যাটালিয়ন মারিশ্যার পরিচালক মো. সাজ্জাদ মাহমুদ বলেন, রাত আড়াইটার দিকে ক্যাম্পে দায়িত্ব পালনরত অবস্থায় সৈয়দ আমিনুল হকের মৃত্যু হয়। মরদেহ পরিবারের কাছে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রতিনিধি/এসএস