Dhaka Mail Logo

সারাদেশ

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে টেকনাফ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মহেশখালীপাড়া মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন পুরুল্লার ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রোববার (৪ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক।

গ্রেফতার ব্যক্তিরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্প-১৭-এর ইমাম হোসেন (৪৫), বালুখালী ক্যাম্প-১৮-এর নূর আলম (২৭) ও জম মুল্লোক (৫০)।

3bb79174-8cc0-4ae7-8c0b-909c9cb63adb

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুরুল্লার ঘাট এলাকায় কয়েকজন মাদক কারবারি ইয়াবা বিক্রির উদ্দেশে অবস্থান করছেন বলে জানতে পারে টেকনাফ ক্যাম্পের একটি অভিযানিক দল। পরে সেখানে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।

পরে তাদের তল্লাশি করে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি বাটন ফোনও জব্দ করা হয়।

এসআরবি-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মালামালসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস