Dhaka Mail Logo

সারাদেশ

পিরোজপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, লুটপাটের অভিযোগ

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০৩:৫০ পিএম

পিরোজপুরের কাউখালীতে নিজ ঘর থেকে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) সকালে উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের বান্দাকান্দা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জেসমিন বেগম ওই এলাকার মৃত কেরামত আলীর স্ত্রী ও আফজাল হোসেনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে নিজ ঘরে একাই ছিলেন জেসমিন। বাড়িটি কিছুটা নির্জন এলাকায় হওয়ায় রাতে সেখানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

সকালে স্থানীয় এক কিশোর ওই বাড়িতে সুপারি পাড়তে গিয়ে জেসমিনকে ডাকাডাকি করে কোনো সাড়া পাননি। পরে ঘরের পেছন দিকে গিয়ে খাটের ওপর তার মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় ঘরের মালামাল ছড়ানো-ছিটানো ও এলোমেলো অবস্থায় ছিল।

স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা ঘরের পেছনের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। এ সময় বাধা দেওয়া বা হামলাকারীদের চিনে ফেলায় জেসমিনকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে পিরোজপুরের পুলিশ সুপার, সিআইডির তদন্ত দল ও থানা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। অপরাধীদের শনাক্ত করতে সিআইডির কারিগরি দল বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

প্রতিনিধি/এসএস