জেলা প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২৬, ০১:৫১ পিএম
অবৈধভাবে সার মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ডপ্রাপ্ত সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতের নায়েবে আমির মনিরুল ইসলামের রুকুনিয়াত (সদস্য) পদ বাতিল করা হয়েছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার পদ বাতিল করে দল থেকে অব্যাহতির নির্দেশ দিয়েছেন।
রোববার (৪ অক্টোবর) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারী সেক্রেটারি মো. শহীদুল ইসলাম।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর সাংগঠনিক নিময় অনুযায়ী জেলা সুরা কমিটি মিটিং করে একটা সুপারিশ করবে। সুপারিশ আমিরে জামায়াতের কাছে গেলে তিনি সেটা মঞ্জুর করবেন। কিন্তু মনিরুলের বিষয়টি আমিরে জামায়াতকে বলার পর তিনি তাৎক্ষণিক মৌখিকভাবে তার রুকুনিয়াত পদ বাতিল করেছেন। আমাদের সাংগঠনিক প্রসেসটা আরও দুই-একদিন লাগবে। যেমন আজকে আমরা এই সংক্রান্ত একটা মিটিং করছি। এই মিটিংয়ে প্রাথমিক সিদ্ধান্তের কাগজটা আসবে। সেইটা আমিরে জামায়াতের কাছে গেলে সেখান থেকে অনুমোদন হয়ে আসবে।
কামারখন্দ উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. ইউসুফ আলী বলেন, মনিরুল ইসলামের নিজ বাড়িতে ১৮ বস্তা অর্থাৎ ৯শ কেজি ইউরিয়া সার মজুত করে রেখেছিলেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সার জব্দ ও তাকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এতে দলের আদর্শ পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় তার রুকুনিয়াত বাতিলের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় কমিটি।
অব্যাহতি পাওয়া জামায়াত নেতা মনিরুল ইসলাম বলেন, মুঠোফোনে আমার রুকুনিয়াত পদ বাতিলের বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত লিখিত পত্র হাতে পাইনি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (১ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি এলাকায় জামায়াত নেতা মনিরুল ইসলামের নিজ বাড়ি থেকে ৯শ কেজি ইউরিয়া সার জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন তাকে ২৫ হাজার টাকা জরিমানা ও মজুত করা সার জব্দ করেন।
প্রতিনিধি/টিবি