Dhaka Mail Logo

সারাদেশ

যমুনা সেতু মহাসড়কে ট্রাকচালককে কুপিয়ে হত্যা, আটক ২

জেলা প্রতিনিধি

০৪ অক্টোবর ২০২৬, ০১:৪৪ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে রাজীব হোসেন (৩০) নামে এক ট্রাকচালককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছিনতাইকারীদের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের সহযোগিতায় মিন্টু ও ফারুক নামে দুইজনকে আটক করেছে কালিহাতী থানা পুলিশ।

রোববার (৪ অক্টোবর) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা এলাকায় শাপলা মেটাল ইন্ডাস্ট্রিজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত রাজীব লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঠ্যাংজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে। আটক মিন্টু কালিহাতীর এলেঙ্গা উত্তরপাড়া এলাকার শহীদ মিয়ার ছেলে। ফারুকও একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরবোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম থেকে ঢাকার দিকে যাচ্ছিল। পথে এলেঙ্গা এলাকায় মহাসড়কের পাশে ট্রাকটি থামিয়ে চালক রাজীব প্রকৃতির ডাকে সাড়া দিতে নামেন। এ সময় ৪ থেকে ৫ জনের একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে রাজীবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুন

নোয়াখালীতে বারবিকিউ পার্টিতে মদপানে তরুণের মৃত্যু, গুরুতর অসুস্থ ৪

রাজীবের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে ছিনতাইকারীরা পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে মিন্টু ও ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে ঘটনাস্থলেই রাজীবের মৃত্যু হয়।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। নিহত রাজীবের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। নিহতের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

প্রতিনিধি/এসএস