Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ১১:১৯ পিএম

​চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে আয়েশা বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের ধরমপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত আয়েশা বেগম ধরমপুর গ্রামের বাবুল হোসেনের স্ত্রী। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চলা পারিবারিক বিরোধের জেরে শনিবার সন্ধ্যায় আয়েশা বেগমের সঙ্গে তার সৎ ছেলে আশিকুর রহমানের বাগ্‌বিতণ্ডা হয়। তর্কের একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিকুর তার সৎ মাকে ধারালো ছুরি দিয়ে জখম করেন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা আয়েশা বেগমকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত আশিকুর মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

​ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক ঢাকা মেইলকে জানান, হত্যাকাণ্ডের পর থেকেই অভিযুক্ত আশিকুর রহমান পলাতক রয়েছেন। তাকে দ্রুত গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।