Dhaka Mail Logo

সারাদেশ

বৈঠার তালে মুখর শীতলক্ষ্যা, ১৫ বছর পর রূপগঞ্জে নৌকা বাইচে উপচেপড়া ভিড়

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ১০:৫১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে ১৫ বছর পর অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। শনিবার শীতলক্ষ্যা নদীতে আয়োজিত এ প্রতিযোগিতা দেখতে নদীর দুই পাড়ে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।

অনেকে নৌকায় করে নদীতে ভেসে থেকেও প্রতিযোগিতা উপভোগ করেন। দীর্ঘদিন পর এমন আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।

কাঞ্চন পৌর বিএনপির উদ্যোগে শিমুলিয়া ঘাট থেকে কাঞ্চন বাজার ঘাট পর্যন্ত এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এতে ছোট-বড় মিলিয়ে ২৫টি নৌকা অংশ নেয় বলে আয়োজকরা জানান।

নৌকা বাইচকে ঘিরে দিঘুলিয়া, কেরাবো, কলাতলী, বান্টি, কাঞ্চনসহ আশপাশের এলাকায় কয়েক দিন ধরে উৎসবের পরিবেশ বিরাজ করে।

নৌকা বাইচের প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কারের মধ্যে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশার ছিল।

স্থানীয়রা বলেন, এক সময় বর্ষা মৌসুমে গ্রামবাংলার নদী, খাল-বিল ও জলাশয়ে নিয়মিত নৌকা বাইচের আয়োজন হতো। ঢাক-ঢোল আর বৈঠার ছন্দে মুখর হয়ে উঠত চারপাশ। তবে জলাশয় ভরাট, নদী-খাল সংকুচিত হওয়া এবং বিভিন্ন আবাসন প্রকল্প গড়ে ওঠায় এ ঐতিহ্যবাহী আয়োজন অনেকটা হারিয়ে যেতে বসেছে।

দীর্ঘ ১৫ বছর পর নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে আসা দর্শকরা বলেন, এমন আয়োজন তাদের শৈশবের গ্রামবাংলার ঐতিহ্যকে মনে করিয়ে দিয়েছে। ভবিষ্যতেও নিয়মিত নৌকা বাইচসহ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করার দাবি জানান তারা।

দর্শকরা আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে।

প্রতিনিধি/এলএ