জেলা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ১০:০০ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আলমগীর প্রধান (৪৮) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। আহতদের মধ্যে তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে দেবীগঞ্জ-সোনাহার সড়কের স্টেডিয়াম মাঠসংলগ্ন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর প্রধান দেবীগঞ্জ উপজেলার রামগঞ্জবিলাসী মণ্ডলপাড়া এলাকার খয়বর আলী প্রধানের ছেলে। তিনি রামগঞ্জবিলাসী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
দুর্ঘটনায় আহত দুজন হলেন দেবীগঞ্জ পৌরসভার মধ্যপাড়া এলাকার সৈকত এবং কাচাড়ীপাড়া এলাকার তন্ময়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তন্ময়ের মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলছিল। এ সময় সড়কের ওই স্থানে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বে থাকা চিকিৎসক ডা. আজাদ রহমান জানান, আলমগীর প্রধানকে হাসপাতালে আনার পথেই তাঁর মৃত্যু হয়েছে। আহত তন্ময়কে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন,আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/ এজে