Dhaka Mail Logo

সারাদেশ

তিন ঘণ্টার চেষ্টায় গাজীপুরের গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ০৬:৩১ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের ডেগেরচালা এলাকায় মেট্রিক্স গার্মেন্টসের কারখানা ভবনে লাগা আগুন সোয়া প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।

শনিবার (৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে ফকির মার্কেট এলাকার কারখানাটির তৃতীয় তলায় থাকা গুদামে আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ছযটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ডেগেরচালার মেট্রিক্স গার্মেন্টসের সাততলা ভবনের তৃতীয় তলায় গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুনের শিখা চারপাশে ছড়িয়ে পড়লে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

খবর পেয়ে ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ঢাকা ও আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। মোট নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

আগুন নেভানোর সময় কারখানা ভবনের কাচ ও দেয়ালের কিছু অংশ ভেঙে ভেতরে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। শুরুতে পানির কিছুটা সংকট দেখা দিলেও পরে আশপাশের ভবন ও পানিবাহী গাড়ির সহায়তায় পানি সরবরাহ করা হয়। টানা তিন ঘণ্টার বেশি সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে।

 

Gazipur2

ঢাকা ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেহ উদ্দিন আহমেদ বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে। পাশাপাশি উদ্ধারকারী দল কারখানা ভবনের ছাদে উঠে আটকে পড়া শ্রমিকদের নিরাপদে নামিয়ে আনে। তাৎক্ষণিকভাবে ছাদ থেকে ৬৯ জন শ্রমিককে উদ্ধার করা হয়।

কারখানার শ্রমিকরা জানান, দুপুরে কাজ করার সময় তারা আগুনের ধোঁয়া দেখতে পান। এ সময় অনেকে দৌড়ে ছাদে উঠে যান, আবার কেউ কেউ হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ছাদে থাকা শ্রমিকদের নিরাপদে নিচে নামিয়ে আনেন।

সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, শুরুতে আগুন নেভাতে গিয়ে পানির কিছুটা স্বল্পতা ছিল। পরে আশপাশের ভবন ও পানিবাহী গাড়ির মাধ্যমে পানি সরবরাহ করে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। একপর্যায়ে নয়টি ইউনিটের সোয়া তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে কারখানার গুদামে থাকা বিপুল পরিমাণ মালামাল পুড়ে গেছে। তবে আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতিনিধি/জেবি