Dhaka Mail Logo

সারাদেশ

রামুতে ৬০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পিএম

কক্সবাজারের রামুতে পৃথক দুই অভিযানে ৫৯ হাজার ৭৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত দুটি সিএনজি অটোরিকশা ও অপরাধমূলক কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

এসআরবি-১৫-এর সদর কোম্পানি ও সিপিএসসির পৃথক অভিযানিক দল শুক্রবার (২ অক্টোবর) রামু উপজেলার ফতেখারকুল এলাকায় অভিযান দুটি পরিচালনা করে।

এসআরবি-১৫ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৩০ হাজার পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোনসহ মো. শফি আলম (৪২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত শহর আলী ও মৃত গুলবাহার দম্পতির সন্তান।

এরপর একই দিন দুপুর পৌনে ৩টার দিকে ফতেখারকুল চৌমুহনী সংলগ্ন ৩ নম্বর ওয়ার্ড এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে এসআরবি-১৫। সেখানে ২৯ হাজার ৭৭৫ পিস ইয়াবা, একটি সিএনজি অটোরিকশা ও একটি মোবাইল ফোনসহ মো. ইউনুছ (২০) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। তিনি নাইক্ষ্যংছড়ির মো. শফি আলম ও আরেফা বেগম দম্পতির সন্তান।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য তাদের রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, মাদকদ্রব্য পাচার ও অপরাধ দমনে এসআরবি-১৫-এর অভিযান অব্যাহত রয়েছে। 

প্রতিনিধি/ এজে