Dhaka Mail Logo

সারাদেশ / চাকরি

ময়মনসিংহে ওয়ালটন প্লাজার জব ফেয়ার ৬ অক্টোবর, অভিজ্ঞতা ছাড়াও চাকরি

ঢাকা মেইল ডেস্ক

০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পিএম

ময়মনসিংহে চাকরিপ্রার্থীদের জন্য জব ফেয়ারের আয়োজন করেছে দেশের ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্যের বিক্রয় ও সেবাদানকারী শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা। আগামী ৬ অক্টোবর (মঙ্গলবার) জেলা সদরের মাসকান্দায় অবস্থিত ময়মনসিংহ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এই চাকরি মেলা অনুষ্ঠিত হবে। এতে পাঁচ ধরনের পদে নিয়োগের জন্য প্রার্থী বাছাই করা হবে। অভিজ্ঞ প্রার্থীদের পাশাপাশি অভিজ্ঞতা ছাড়াই তিন ধরনের পদে আবেদন করার সুযোগ থাকছে।

ওয়ালটন প্লাজায় নিয়োগের জন্য দেওয়া পদগুলো হলো ম্যানেজার, ডেপুটি ম্যানেজার, সেলস এক্সিকিউটিভ, সেলস অ্যাসোসিয়েট ও অফিস সহকারী।

ম্যানেজার পদে আবেদনের জন্য প্রার্থীকে স্নাতক পাস হতে হবে। এ পদে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে। ডেপুটি ম্যানেজার পদে স্নাতক ডিগ্রির পাশাপাশি প্রয়োজন তিন বছরের অভিজ্ঞতা।

অন্যদিকে সেলস এক্সিকিউটিভ পদে স্নাতক, সেলস অ্যাসোসিয়েট পদে এইচএসসি এবং অফিস সহকারী পদে এসএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই তিন পদে পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফলে শিক্ষাজীবন শেষে কর্মজীবনে প্রবেশ করতে আগ্রহী তরুণদের জন্যও থাকছে সুযোগ।

ওয়ালটন প্লাজার নিয়োগসংক্রান্ত বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সাম্প্রতিক ছবিসহ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি সঙ্গে আনতে বলা হয়েছে। প্রয়োজনীয় দক্ষতা হিসেবে মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা ও কম্পিউটার জ্ঞানের কথাও উল্লেখ করা হয়েছে।

মেলায় নির্বাচিত প্রার্থীদের চূড়ান্ত ভাইভা ও আইটি পরীক্ষা আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। আগ্রহী চাকরিপ্রার্থীরা জব ফেয়ারের বিজ্ঞপ্তিতে থাকা কিউআর কোড স্ক্যান করেও আবেদন করতে পারবেন।

এলএ