Dhaka Mail Logo

সারাদেশ

শৈলকুপায় ৭৭ পিস চায়না দুয়ারী জাল জব্দ

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পিএম

মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইনে ঝিনাইদহের শৈলকুপায় অবৈধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা মৎস্য দফতর। 

শনিবার (৩ অক্টোবর) শৈলকুপার কুমার নদের দেবতলা ও দামুকদিয়া ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন। এ সময় শৈলকুপা থানার এসআই তরিকুল ইসলামসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

অভিযানে মোট ৭৭ পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দ করা এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। পরে কবিরপুর নতুন ব্রিজের পাশে জনসম্মুখে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, চায়না দুয়ারী জাল মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী ও মাছের পোনা ধ্বংস করছে। মৎস্য সম্পদ রক্ষা এবং নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে এ ধরনের অবৈধ জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। কেউ নিষিদ্ধ জাল ব্যবহার বা বিক্রি করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/ এজে