Dhaka Mail Logo

সারাদেশ

আবু সাঈদের স্মৃতি চিহ্ন মুছে ফেলার অভিযোগ

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

২০২৪ সালের জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনে প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগ উঠেছে। 

শুক্রবার (৩ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন শহীদ আবু সাঈদের বড় ভাই আবু হোসেন। 

পোস্টের সঙ্গে তিনি শহীদ আবু সাঈদের ছবি সম্বলিত বিজ্ঞাপনের স্ট্যান্ডের কয়েকটি ছবিও প্রকাশ করেন। এসময় তিনি রংপুর সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের দৃষ্টি আকর্ষণ করেন।  

ফেসবুক পোস্টের লেখাটি হুবহু তুলে ধরা হলো: 

এভাবেই চলছে জুলাই শহীদদের স্মৃতি চিহ্ন মুছে ফেলার কাজ। তা আবার শহীদ আবু সাঈদ চত্বরে আবু সাঈদ এর স্মৃতি চিহ্ন মুছে ফেলা হচ্ছে। জুলাইয়ের প্রথম শহীদের স্মৃতি চিহ্ন যদি এভাবে মুছে ফেলা হয় তাহলে অন্য শহীদদের স্মৃতিচিহ্নের কি অবস্থা আল্লাই ভালো জানে। স্টান্ডটি কারও ব্যক্তি মালিকানাধীন হতে পারে তো সরকারি জায়গার উপর স্থাপিত।’ 

ফেসবুক পোস্টে রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডনের দৃষ্টি আকর্ষণ করে শহীদ আবু সাঈদ চত্বরে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করা স্মৃতিসংবলিত ব্যানারটি পুনঃস্থাপনের দাবি জানান তিনি।

এদিকে জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতিচিহ্ন মুছে ফেলার অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

তারা বলেন, শহীদ আবু সাঈদ ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের অন্যতম স্মরণীয় প্রতীক। আবু সাঈদ যেখানে পুলিশের ছোড়া গুলিবিদ্ধ হন, সেই স্থানে তার স্মৃতির সঙ্গে জড়িত কোনো স্থাপনা বা স্মৃতিচিহ্ন অপসারণ বা পরিবর্তনের আগে সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। 

শিক্ষার্থীরা দ্রুত ঘটনাটি খতিয়ে দেখে শহীদ আবু সাঈদের স্মৃতিচিহ্ন যথাযথভাবে পুনঃস্থাপনের দাবিও জানান।

প্রতিনিধি/এএইচ