জেলা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম
রংপুরে একদিনের ব্যবধানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও এক রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে বিভাগের ৮ জেলায় আরও ৭৫ জন রোগী শনাক্ত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
মৃত রুমি বেগমের (৩৫) বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। টানা ৮ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
এ নিয়ে চলতি মৌসুমে রংপুর বিভাগে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। এর মধ্যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় পাঁচজন, কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে দুইজন এবং দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে একজন মারা গেছেন।
মৃতের পরিবার জানায়, একমাস আগে ঢাকা থেকে তাদের আত্মীয়-স্বজনরা বেড়াতে এসেছিলেন। তাদের সেবাযত্ন করেন রুমি। স্বজনরা ঢাকা ফিরে যাওয়ার ১৫ দিন পর জ্বরে অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রাথমিক চিকিৎসায় সুস্থ না হওয়ায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তিন দিন থাকার পর গত সোমবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রুমি বেগমকে। ৫ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে। এছাড়া একই সময়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে নতুন করে আরও ৭৫ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রংপুর জেলায় ৩২ জন, দিনাজপুরে ৪, নীলফামারীতে ১৩, লালমনিরহাটে ১০, গাইবান্ধায় ৩ ও ঠাকুরগাঁওয়ে ১৩ জন রোগী রয়েছে।
প্রতিনিধি/এলএ