Dhaka Mail Logo

সারাদেশ

কিশোরগঞ্জে পরিত্যক্ত পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি

০৩ অক্টোবর ২০২৬, ১১:০৮ এএম

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির পাশে খেলতে গিয়ে পরিত্যক্ত পুকুরে ডুবে মামাতো-ফুফাতো দুই বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পৌরসদরের আনোয়ারখালী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের মেয়ে নুসাইবা (২) ও তার বোন মরিয়মের মেয়ে আদিবা (৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নুসাইবা ও আদিবা বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন। পরে দুজনকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

 

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাওহীদ পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল।

প্রতিনিধি/টিবি