নিজস্ব প্রতিবেদক
০৩ অক্টোবর ২০২৬, ০১:১০ এএম
সিলেটে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম চকেরবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত যুবকের নাম রাসেল আহমদ (২৩)। তিনি ওই এলাকার শারুক মিয়ার ছেলে।
আরও পড়ুন: নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে যুবক নিহত
স্থানীয় সূত্র জানায়, সিলাম চকেরবাজার এলাকার শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। কয়েক দিন আগে শাহ গোষ্ঠীর রাসেল আহমদ শেখ গোষ্ঠীর এক যুবকের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেন। এর জের ধরে শুক্রবার বিকেলে চকেরবাজার এলাকায় রাসেলকে পেয়ে শেখ গোষ্ঠীর লোকজন ছুরিকাঘাত করেন। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর জের ধরে সিলাম চকেরবাজারে শাহ ও শেখ গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয়পক্ষ ইটপাটকেল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে দক্ষিণ সুরমা ও মোগলাবাজার থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত রয়েছে। নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এমএইচ/এআরএম