জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ফুটপাতে দোকান বসানো নিয়ে বিরোধের জেরে মধু (৬০) নামে এক ভ্রাম্যমাণ ফলবিক্রেতাকে লোহার শিক দিয়ে বুকে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে এক সবজিবিক্রেতার বিরুদ্ধে।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার কার্পাসডাঙ্গার মুচির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মধু কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মুচির বটতলা এলাকায় ভ্যানে করে ফল বিক্রি করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ফুটপাতে দোকান বসানো নিয়ে ফলবিক্রেতা মধুর সঙ্গে মামুন নামে এক সবজিবিক্রেতার কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় অভিযুক্ত মামুন কদবেল ফুটো করার কাজে ব্যবহৃত ধারালো লোহার শিক দিয়ে মধুর বুকে আঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মধু।
পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক শামসুজ্জোহা জানান, ধারালো লোহার শিকের আঘাতে মধুর বুকের ভেতরের একটি প্রধান রক্তনালি কেটে যায়। এতে অতিরিক্ত রক্তক্ষরণে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ফুটপাতে দোকান বসানো নিয়ে ফল ও সবজিবিক্রেতার মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
প্রতিনিধি/এলএ