জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ০৮:১১ পিএম
ময়মনসিংহের আকুয়া বাইপাসে সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের মধ্যে পাঁচজনের বাড়ি জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে। একই ইউনিয়নের পাঁচজনের মৃত্যুতে মাতম চলছে পুরো জেলাজুড়ে। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান স্বজনরা।
নিহতরা হলেন- দড়িহামিদপুর ভাটিপাড়া গ্রামের মোফাজ্জল হোসেন লেবু, তার মা রাশিদা বেগম, মেয়ে মর্জিনা, মর্জিনার ছেলে শিশু সন্তান মিনাল এবং বীর গোবিন্দবাড়ী গ্রামের সুজন আলী।
নিহতের স্বজনরা জানান, পেশায় রাজমিস্ত্রী মোফাজ্জল হোসেন লেবু স্ত্রী ও এক ছেলেসহ দীর্ঘদিন যাবত গাজীপুর জেলার হুতাপাড়া এলাকায় বসবাস করে আসছিলেন। মা ও বিবাহিত মেয়েকে গাজীপুরের বাসায় নিয়ে যাবার উদ্দেশে বৃহস্পতিবার বাড়িতে আসেন লেবু।
বেলা সাড়ে ১১ টার দিকে মা রাশিদা বেগম, মেয়ে গর্ভবতী মর্জিনা ও মর্জিনার ছেলে শিশু সন্তান মিনালকে নিয়ে বাড়ি থেকে বের হন। নান্দিনা থেকে সিএনজিযোগে প্রথমে ময়মনসিংহ যান। সেখান থেকে বাসযোগে গাজীপুর যাবার কথা ছিল তাদের। কিন্তু পথে দুর্ঘটনায় মারা যান তারা।
মোফাজ্জল হোসেন লেবুর ভাবি ইসমত আরা জানান, মোফাজ্জল হোসেন গাজীপুরে তার কর্মস্থলে যাওয়ার উদ্দেশে তার মা, মেয়ে ও নাতিকে নিয়ে রওনা দিয়েছিলেন। পথে ময়মসিংহের আকুয়া বাইপাস এলাকায় রাজিব বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্বজন সোহেল রানা বলেন, রাজিব বাস নিয়মিত এরকম দুর্ঘটনা ঘটাচ্ছে। কিন্তু এখন পর্যন্ত কোনো বাস মালিক বা চালকের বিচার হয়নি। এখন এটা নিয়মিত ঘটনা হয়ে গেছে। কিন্তু এসব দুর্ঘটনার জন্য অনেক পরিবার শেষ হয়ে যাচ্ছে।
প্রতিনিধি/এলএ