জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় ১৩ মাস বয়সী এক শিশুকে ২ লাখ টাকায় বিক্রি করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বিক্রি হওয়া ওই শিশুর নাম মোজাহিদ।
এ ঘটনায় শিশুটির মা রোজিনা বেগম স্বামীসহ ছয়জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজিবপুর ইউনিয়নের মাইজহাটি সুতিভরট গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
রোজিনা বেগম ভোলা জেলার মনপুরা উপজেলার সাকুরিয়া গ্রামের জাকির হোসেনের মেয়ে। তিনি বর্তমানে ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন।
অভিযোগকারী রোজিনা বেগম (২১) বলেন, বৃহস্পতিবার (১ অক্টোবর) তিনি জানতে পারেন তার ১৩ মাসের সন্তান মোজাহিদকে বিক্রি করে দেওয়া হয়েছে। খবর পেয়ে তিনি ঢাকা থেকে স্বামীর বাড়িতে আসেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে স্বামী নাঈমসহ ছয়জনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
রোজিনা বলেন, প্রায় দুই বছর আগে নাঈমের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই নাঈম তাকে বিভিন্নভাবে নির্যাতন করতেন। প্রায় পাঁচ মাস আগে তাকে মারধর করে শিশুসন্তানকে রেখে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর তিনি ঢাকায় গিয়ে একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন।
তিনি আরও বলেন, তার কোলের সন্তানকে তিনি ফিরে পেতে চান। সন্তানকে ফিরে দেওয়ার পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ রোমন জানান, শিশুর মা রোজিনা অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্তে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/এলএ