Dhaka Mail Logo

সারাদেশ

সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ওয়ার্ড সভাপতির পদ ছাড়লেন সুলতান

জেলা প্রতিনিধি

০২ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পিএম

দীর্ঘ ১৩ বছর দায়িত্ব পালনের পর দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ ছাড়ার ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি সুলতান আহমেদ। তিনি বার্ধক্য ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টার দিকে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

সুলতান আহমেদ সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাচিয়া মীরগঞ্জ বালাপাড়া মহল্লার বাসিন্দা। তিনি মৃত আনছার আলী সরকারের ছেলে এবং অবসরপ্রাপ্ত পোস্টমাস্টার।

সংবাদ সম্মেলনে সুলতান আহমেদ বলেন, ২০১৩ সাল থেকে তিনি সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। বর্তমানে তার বয়স ৭২ বছর। বয়সের পাশাপাশি অ্যাজমা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও দৃষ্টিশক্তি কমে যাওয়াসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন বলে জানান তিনি।

তিনি আরও বলেন, শারীরিক অসুস্থতার কারণে তাঁর পক্ষে আর সাংগঠনিক দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। এ কারণে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ ছাড়ার পাশাপাশি দলের প্রাথমিক সদস্যপদ থেকেও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পৃক্ততা নেই এবং থাকবে না বলে জানান তিনি।

প্রতিনিধি/এএম