জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ০৩:২২ পিএম
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বঙ্গোপসাগর সংলগ্ন সোনারচরের বড় খাল এলাকায় ডাকাতির অভিযোগে ৯ জন জেলেকে ধরে নৌ-পুলিশের কাছে সোপর্দ করেছেন ভুক্তভোগী জেলেরা।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যায় চরমোন্তাজ ইউনিয়নের সোনারচর সংলগ্ন বড় খাল এলাকায় এ ঘটনা ঘটে।
আটককৃত জেলেদের ট্রলারে অবৈধ জাল পাওয়ায় তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী নৌ-পুলিশের ইনচার্জ আন নূর যায়েদ জানান, শুক্রবার দুপুরে আটককৃতদের ট্রলার তল্লাশি করে অবৈধ কারেন্ট বা নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে।
ভুক্তভোগীরা জানায়, প্রায় ১৫ দিন আগে সোনারচরের দক্ষিণ সমুদ্রে মাছ ধরার সময় রূপারচরের দিক থেকে একটি ট্রলার এসে তাদের ট্রলারের গতিরোধ করে। এরপর ডাকাত দলটি জেলেদের ব্যাপক মারধর করে দুই ককসিট মাছ, সাড়ে ৪০০ ফুট জাল, জ্বালানি তেল, মোটর, লাইট এবং মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ট্রলারটির মালিক দশমিনা উপজেলার রণগোপালদী ইউনিয়নের আবু তালেব গাজী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সোনারচরের বড় খালের কাছে ডাকাতিতে ব্যবহৃত সেই ট্রলারটি আবার দেখতে পেয়ে তারা চিনতে পারেন।
এরপর ট্রলারে থাকা ৯ জেলেকে আটক করে চরমোন্তাজ লঞ্চঘাটে নিয়ে নৌ-পুলিশের কাছে সোপর্দ করা হয়। পরে বৃহস্পতিবার রাতেই আটক ব্যক্তি ও তাদের ট্রলারটি রাঙ্গাবালী থানায় হস্তান্তর করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, আটক হওয়া ৯ জেলে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার দুলারহাট থানার আহমেদপুর ইউনিয়নের ফরিদাবাদ গ্রামের বাসিন্দা। তারা রাসেল মাঝির মালিকানাধীন একটি ট্রলারে করে মাছ ধরছিলেন।
রাঙ্গাবালী নৌ-পুলিশের ইনচার্জ আন নূর যায়েদ জানান, অবৈধ জাল রাখার দায়ে আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিধি/এজে