Dhaka Mail Logo

সারাদেশ

ফকিরহাটে বসতঘর থেকে সাবেক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

০২ অক্টোবর ২০২৬, ০২:০১ পিএম

বাগেরহাটের ফকিরহাট সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাগলা দেয়াপাড়া গ্রামে নিজ বসতঘর থেকে সাবেক ইউপি সদস্য শেখ মুজিবুর রহমানের (৮০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেখ মুজিবুর রহমান পাগলা দেয়াপাড়া গ্রামের মৃত মশিউদ্দিন শেখ ওরফে শেখ মশিয়ার রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকালে তার বসতঘর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর মুজিবুর রহমানের মরদেহ পড়ে থাকতে দেখেন তারা। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে।

16189

স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) মুজিবুর রহমানকে সর্বশেষ দেখা গিয়েছিল। এরপর থেকে তাকে আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, গত দুই থেকে তিন দিনের মধ্যে কোনো একসময় তার মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানান, মুজিবুর রহমানের স্ত্রী ও সন্তান অনেক আগেই মারা গেছেন। তার এক মেয়ে স্বামীর বাড়িতে থাকেন। নাতি মো. সাইদুর রহমান ইমনও অন্যত্র থাকেন। ফলে তিনি ওই বাড়িতে একাই বসবাস করতেন।

ফকিরহাট মডেল থানার ওসি মো. রজিউল্লাহ খান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তিনি আরও বলেন, কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। তবে মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়েছে।

প্রতিনিধি/এসএস