জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ১২:০০ পিএম
সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার গুদামজাত করার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মো. মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তার গুদামে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ছোট ধোপাকান্দি গ্রামে মনিরুল ইসলামের সার গুদামে অভিযান চালিয়ে এ জরিমানা ও সার জব্দ করা হয়।
মনিরুল ইসলাম (৪৫) ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির-২ হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে একটি অটোরিকশায় করে প্রায় ২০ থেকে ২৫ বস্তা সার গুদামে নেওয়া হচ্ছিল। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তার নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে অভিযান পরিচালনা করেন।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ার পর মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে গুদামে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়।
অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন, কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাশমত আলীসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
কামারখন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বলেন, সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২ ধারা অনুযায়ী বিনির্দেশ বহির্ভূতভাবে সার গুদামজাত করার অপরাধে মনিরুল ইসলামকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার গুদামে মজুদ করা ১৮ বস্তা ইউরিয়া সার সরকারের অনুকূলে জব্দ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস