জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ১১:৪৮ এএম
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রাম থেকে তাউছিন মোল্লা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। চার দিন নিখোঁজ থাকার পর শুক্রবার (২ অক্টোবর) সকালে একটি ঘেরের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাউছিন মোল্লা কাচনা গ্রামের মো. জিহাদ মোল্লার ছেলে। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, গত ২৮ সেপ্টেম্বর তাউছিন বাড়ি থেকে খেলতে বের হয়ে নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেন। মাইকিং করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটির নিখোঁজের ঘটনায় এলাকায় উৎকণ্ঠা তৈরি হয়।
শুক্রবার সকালে স্থানীয়রা ছোট কাচনা গ্রামের একটি ঘেরের ভেতর তাউছিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে মোল্লাহাট থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, শিশুটির মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।
প্রতিনিধি/এসএস