Dhaka Mail Logo

সারাদেশ

প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত, বাস চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি

০২ অক্টোবর ২০২৬, ১০:৩৩ এএম

প্রশাসনের আশ্বাসের পর হবিগঞ্জে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। ফলে শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক হয়েছে। তবে নতুন ব্রিজ এলাকায় গিয়ে বিরতিহীন বাস ছাড়া অন্যান্য বাস চলাচল করতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।

তিনি জানান, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন ও প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পরিপ্রেক্ষিতে ধর্মঘট আপাতত স্থগিত করা হয়েছে। আগামী রোববার ঢাকায় এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হবে। সেখানে হবিগঞ্জের পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন দাবি ও সমস্যা নিয়ে আলোচনা হবে।

আবু মঈন চৌধুরী সোহেল বলেন, ‘আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়ার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে। আগামী রোববার ঢাকায় সভা হবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। যদি আমাদের ন্যায্য দাবি মেনে নেওয়া না হয়, তাহলে পরবর্তীতে সবাই বসে কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

এর আগে, মৌলভীবাজারে হবিগঞ্জের বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের মারধরের অভিযোগের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আরও পড়ুন

হবিগঞ্জে বাস ধর্মঘটে যাত্রীদের চরম দুর্ভোগ

ধর্মঘটের কারণে বৃহস্পতিবার সকাল থেকে হবিগঞ্জের মহাসড়ক ও অভ্যন্তরীণ বিভিন্ন সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। শহরের বিভিন্ন বাসস্ট্যান্ড থেকেও কোনো বাস ছেড়ে যায়নি। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা। জরুরি প্রয়োজনে অনেকে অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প যানবাহনে গন্তব্যে যেতে বাধ্য হন।

পরিবহন মালিক-শ্রমিক সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে হবিগঞ্জের বাস চলাচলে বাধা দেওয়ার অভিযোগ ওঠে মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরুদ্ধে। পরে মৌলভীবাজারে হবিগঞ্জের তিনটি বাস আটকে রাখা এবং কয়েকজন পরিবহন শ্রমিককে মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ করা হয়।

এ ঘটনার প্রতিবাদ, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং পরিবহন মালিক-শ্রমিকদের বিভিন্ন ন্যায্য দাবি বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয়।

তবে প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের পক্ষ থেকে বিষয়টি সমাধানের আশ্বাস পাওয়ার পর বৃহস্পতিবার রাতেই ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী রোববার ঢাকার বৈঠকে বিষয়টির সমাধান না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।

প্রতিনিধি/এসএস