জেলা প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ এএম
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়।
দলটির একাধিক নেতার দাবি, বৈঠকে কালীগঞ্জ উপজেলা ও সহযোগী সংগঠনের প্রায় ১ হাজার ৮০০ নেতাকর্মী ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
বৈঠকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ১ নম্বর সিনিয়র সহসভাপতি শামীম আরা মান্নানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সাধারণ সম্পাদক হিসেবে আয়ুব হোসেন খানের নামও ঘোষণা করা হয় বলে দলীয় সূত্র জানিয়েছে।
কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বৈঠকে তৃণমূল পর্যায়ে দলকে পুনর্গঠন ও সুসংগঠিত করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদটি শূন্য থাকায় সিনিয়র সহসভাপতি শামীম আরা মান্নানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আগের কমিটিই দায়িত্ব পালন করবে বলেও জানানো হয়।
আরও পড়ুন
ওই নেতা আরও বলেন, আগামী দিনের দলীয় কার্যক্রম নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
দলীয় সূত্র জানায়, বৈঠকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়ুব হোসেন খান সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন। সৌদি আরব থেকেও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বৈঠকে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
দীর্ঘ সময়ের এই ভার্চুয়াল বৈঠকের বিষয়টি বৃহস্পতিবার সন্ধ্যার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট রিগান, মোস্তাক আহম্মেদ লাভলু ও আলাল হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে বৈঠকসংক্রান্ত পোস্ট শেয়ার করেন।
সদ্য ঘোষিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামীম আরা মান্নানের বক্তব্য জানতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
প্রতিনিধি/এসএস