নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ এএম
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদরাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুতের তারের সংস্পর্শে দগ্ধ পাঁচ শিক্ষার্থীর মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিন শিক্ষার্থীর মৃত্যু হলো।
মৃত শিক্ষার্থীর নাম লামিয়া (১৩)। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে দগ্ধ হওয়ার পর তার শরীরের প্রায় ৫৫ শতাংশ ইলেকট্রিক ফ্ল্যাশ বার্ন হয়। পরে তাকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত ৯টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধ অপর দুই শিক্ষার্থী আছিয়া ও সুমাইয়ার শরীর তুলনামূলক কম দগ্ধ হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। তারা আইসিইউ থেকে ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন: ফতুল্লায় দগ্ধ ৫ শিশুর একজনের বার্ন ইনস্টিটিউটে মৃত্যু
এর আগে এ ঘটনায় জিদনী (১৪) ও আতিয়া (১১) নামে আরও দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।
গত শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুর এলাকার মাহেলা খাতুন বালিকা মাদরাসার ছাদে খেলতে গিয়ে পাঁচ শিক্ষার্থী দগ্ধ হয়।
মাদরাসার ক্যাশিয়ার মো. ইউসুফ আলী জানান, দগ্ধ পাঁচ শিক্ষার্থীই মাদরাসাটির আবাসিক ছাত্রী। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদরাসার ছাদের ওপর দিয়ে যাওয়া উচ্চক্ষমতার বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তারা দগ্ধ হয়।
ঘটনার পর পাঁচ শিক্ষার্থীকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আছিয়া ও সুমাইয়া বর্তমানে চিকিৎসাধীন রয়েছে।
এমএমআর