জেলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পিএম
যশোরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম। বৃহস্পতিবার বিকেলে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে স্থানীয় পর্যায়ে ২ হাজার ৬৩৫ জন কৃষকের মধ্যে কৃষি কার্ড এবং ২ হাজার ৪০৪ জন ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি জনগোষ্ঠীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে সমন্বয় করে যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের আব্দুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় পর্যায়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশের ৫৫টি জেলার ৭১টি উপজেলার ৭১টি কৃষি ব্লকের প্রায় এক লাখ কৃষকের ব্যাংক হিসাবে কৃষি প্রণোদনার অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হৈবতপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষক ও উপকারভোগীদের মধ্যে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলাম বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানাসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা।
কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণকে কেন্দ্র করে হৈবতপুর ইউনিয়নের আব্দুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। স্থানীয় কৃষক ও উপকারভোগীদের মধ্যে এ কার্যক্রম ঘিরে উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়।
কার্ড পাওয়া কৃষক আব্দুস সাত্তার বলেন, নির্বাচনের আগে কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা বাস্তবায়ন শুরু হওয়ায় তারা আনন্দিত। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও অভিনন্দন জানান তিনি।
স্থানীয় কৃষক, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে কার্ড বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
প্রতিনিধি/এলএ