Dhaka Mail Logo

সারাদেশ

শেখ হাসিনার জন্মদিন পালন করায় পাবনায় স্কুল থেকেই শিক্ষার্থী আটক

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পিএম

ভারতে পলাতক ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন ও মিছিল করার অভিযোগে পাবনার সুজানগর উপজেলায় রবিন (১৭) নামের এক স্কুল শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তবে স্কুল প্রাঙ্গণ থেকে আটক নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উপজেলার আমিনপুর থানার রানীনগর ইউনিয়নের বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজ থেকে তাকে আটক করে আমিনপুর থানা পুলিশ।

আটক রবিন বিশ্বাস বিলগাজনা স্কুল অ্যান্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র এবং চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী। রবিন রানিনগর ইউনিয়নের বাদাই গ্রামের মো. গাজী বিশ্বাসের ছেলে ।

পুলিশ, স্থানীয় ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন আগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করে ফেসবুকে প্রচার করে রবিন। এঘটনায় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আজকে স্কুলে ঢুকে রবিনকে বের করে নিতে আসেন। এসময় স্কুলের শিক্ষকরা বাঁধা দিয়ে অনুরোধ করে তাদের বের করে দেন। পরে থানা পুলিশ এসে ক্লাস ছুটি হওয়ার পর রবিনকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে আমিনপুর থানার ওসি হুমায়ুন কবির জানান, শেখ হাসিনার জন্মদিন পালন করে সে নিজেই ফেসবুকে প্রচার করেছে। যথেষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে তাকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। 

প্রতিনিধি/এজে