Dhaka Mail Logo

সারাদেশ

সড়ক ও রেলপথে পৃথক দুর্ঘটনা: মুন্সীগঞ্জে ঝরল দুই প্রাণ

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পিএম

মুন্সীগঞ্জে পৃথক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকসহ অজ্ঞাত এক বৃদ্ধা রেললাইনে কাটা পড়ে নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে গজারিযায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আনারপুরা এলাকায় ও সকাল ১০টার দিকে সিরাজিদখানের নিমতলা এলাকায় রেলপথে এসব দুর্ঘটনা ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের গজারিয়া অংশে সকালে কুমিল্লাগামী দ্রুতগতির একটি মোটরসাইকেলকে একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেলচালক মো. বিল্লাল হোসেন (৩৮) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বিল্লাল হোসেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে, সিরাজদিখানে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত বৃদ্ধা এক নারীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত রেললাইন পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে ওই নারীর মৃত্যু হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিমতলা রেললাইনের পাশে ওই নারীর মরদেহ পড়ে থাকার খবর পায় ফায়ার সার্ভিস। পরে সিরাজদিখান ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পরে মরদেহটি রেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এলএ