Dhaka Mail Logo

সারাদেশ

বাউফলের সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল গ্রেফতার

জেলা প্রতিনিধি

০১ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

পটুয়াখালীর বাউফল পৌরসভার সাবেক মেয়র ও পটুয়াখালী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক জুয়েলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

​বাউফল পৌরসভার সাবেক মেয়র জিয়াউল হক জুয়েল ২০১২ সালের ২২ মে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন। দায়িত্ব নেওয়ার মাত্র ১৪ দিনের মাথায় তিনি বাউফল পৌরসভাকে তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করেন। পরবর্তীতে সীমানা সম্প্রসারণের মাধ্যমে পৌরসভাটিকে প্রথম শ্রেণিতে উন্নীত করার ক্ষেত্রেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশ পৌরসভা মেয়র সমিতির সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

​মেয়র থাকাকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয় জনগণের কাছে তাঁর বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা ছিল বলে জানা যায়।

​বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, রাজধানী থেকে গ্রেফতারের পর তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
 তবে, এ গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ ও পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

প্রতিনিধি/এজে