জেলা প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ পিএম
প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের জন্য মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা চালুর দাবি জানিয়েছেন বরিশালের সাংবাদিক নেতারা। আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বরিশাল প্রেসক্লাবের সামনে আয়োজিত পথসভা ও র্যালি থেকে এ দাবি জানানো হয়। একই সঙ্গে প্রস্তাবিত নীতিমালা দ্রুত চূড়ান্ত করে কার্যকর করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ বরিশাল বিভাগীয় কমিটি এ কর্মসূচির আয়োজন করে। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর দাবিসংবলিত স্মারকলিপি পাঠানো হয়।
সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি গোপাল সরকারের সভাপতিত্বে পথসভায় বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ভূঁইয়া, সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদ, কাজী মকবুল হোসেন, গিয়াস উদ্দিন সুমন, জিয়াউদ্দিন বাবু ও এম জহির। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মুহাম্মদ লতিফুর রহমান জাকির।
পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন সাংবাদিকতা পেশায় নিয়োজিত প্রবীণ এবং কর্মকালীন সময়ে পঙ্গুত্ববরণকারী সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। সরকারি-বেসরকারি বিভিন্ন পেশায় অবসরকালীন ভাতা বা অন্যান্য আর্থিক সুবিধা থাকলেও সাংবাদিকদের চাকরি শেষে পেনশন বা অবসরকালীন সুবিধা নেই। ফলে অনেক সাংবাদিক কর্মজীবন থেকে ছিটকে পড়ে আর্থিক সংকটে পড়েন। কর্মক্ষমতা হারানো সাংবাদিকদের দুর্ভোগ আরও বেশি।

বক্তারা জানান, ২০২০ সালের ২৫ জানুয়ারি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত প্রবীণ এবং কর্মকালীন সময়ে পঙ্গুত্ববরণকারী সাংবাদিকদের কল্যাণে বাংলাদেশ প্রবীণ ও কর্মাহত সাংবাদিক কল্যাণ পরিষদ গঠন করা হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রবীণ সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। গত ছয় বছর ধরে সংগঠনটির পক্ষ থেকে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মাসিক ২০ হাজার টাকা সম্মানি ভাতা চালুর দাবি জানানো হচ্ছে।
বক্তারা বলেন, এ দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট বিষয়টি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উত্থাপন করেছে। এর ধারাবাহিকতায় মন্ত্রণালয় ‘প্রবীণ অসচ্ছল সাংবাদিকদের সম্মানি প্রদান নীতিমালা-২০২৬’-এর একটি খসড়া তৈরি করেছে। খসড়ায় প্রাথমিকভাবে ৬৫ বছর বা তার বেশি বয়সী এবং কর্মে অক্ষম কিংবা দুর্ঘটনা বা অন্য কারণে সাংবাদিকতা পেশায় কাজ করতে না পারা সাংবাদিকদের মাসিক ১০ হাজার টাকা ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে।
তবে প্রস্তাবিত ভাতা যথেষ্ট নয় উল্লেখ করে বক্তারা বলেন, দীর্ঘদিন সাংবাদিকতা করে জীবনের গুরুত্বপূর্ণ সময় গণমাধ্যমে ব্যয় করা ব্যক্তিদের জীবনযাপন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় ব্যয় বিবেচনায় মাসিক ২০ হাজার টাকা ভাতা নির্ধারণ করা প্রয়োজন। দ্রুত নীতিমালা চূড়ান্ত করে তা কার্যকর করারও দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকেরা দীর্ঘদিন মানুষের অধিকার, দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থের বিভিন্ন বিষয় গণমাধ্যমে তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অথচ কর্মজীবন শেষে অনেকেই আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগেন। প্রবীণ ও কর্মাহত সাংবাদিকদের মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে রাষ্ট্রীয় সহায়তা প্রয়োজন।
পরে বরিশাল প্রেসক্লাবের সামনে থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচিতে অরুণ কুমার বিশ্বাস, আব্দুল্লাহ আল মামুন, কবিউল করিমসহ বরিশাল বিভাগের প্রবীণ ও কর্মাহত সাংবাদিকেরা অংশ নেন।
প্রতিনিধি/এসএস